ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৪:৩০ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গুরুত্বপূর্ণ বিটেশ্বর বাজারের বেহাল সড়কটির সংস্কারের উদ্যোগ নিয়েছেন সিঙ্গাপুরপ্রবাসী সমাজসেবক মো. বাবুল খন্দকার।

দীর্ঘদিন ধরে বর্ষার পানি ও খানাখন্দে দুর্ভোগ পোহানো ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও পথচারীদের কথা বিবেচনায় নিয়ে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় সড়কটির সংস্কারকাজ শুরু করেন তিনি। বাজার কমিটির তত্ত্বাবধানে প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটির সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় দুই লাখ টাকা। বালি ও কংক্রিট ব্যবহার করে সড়কটি মজবুত করতে ভারী রোলার দিয়ে কাজ চলছে। এর আগে ব্যবসায়ী ও বাজার কমিটির অনুরোধে একই সড়ক নিজ অর্থায়নে সংস্কার করেছিলেন বাবুল খন্দকার।

বিটেশ্বর বাজারটি দাউদকান্দি উপজেলার দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন ভোর থেকেই কৃষকদের উৎপাদিত ফসল, দুধ, শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাবেচায় ব্যস্ত থাকে বাজারটি। বাজারসংলগ্ন এসআর উচ্চ বিদ্যালয়, খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিয়মিত এ সড়ক ব্যবহার করে।

স্থানীয়দের ভাষ্য, পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বর্ষায় সড়কটিতে পানি জমে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। সংস্কারকাজ শেষ হলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

ছাত্রদলনেতা মো. শাকিল আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ দুর্ভোগে ছিলেন। বাবুল খন্দকার আগেও সড়কটি সংস্কার করেছেন। এবারও তিনি নিজ অর্থায়নে এগিয়ে এসেছেন।

বিটেশ্বর বাজার কমিটির সাধারণ সম্পাদক নবীর হোসেন ব্যাপারী বলেন, বাবুল খন্দকার দীর্ঘ বছর ধরে মানুষ, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও রাস্তাঘাটের কাজে সহযোগিতা করে আসছেন।

জনকল্যাণমূলক এসব কর্মকাণ্ডের পাশাপাশি এবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অবস্থান স্পষ্ট করেছেন বাবুল খন্দকার। গত ১৯ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আসন্ন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

একই সঙ্গে স্থানীয় মানুষের মতামত, পরামর্শ, দোয়া ও সমর্থন চান তিনি। সিঙ্গাপুরে দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৭ সালের জানুয়ারিতে অবসর নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার সিদ্ধান্তের কথাও জানান বাবুল খন্দকার।

তিনি বলেন, জীবনের বাকি সময়টুকু নিজের এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সেবায় নিয়োজিত থাকতে চান। নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন ‘সেবক’ হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাবুল খন্দকার বলেন, “মহান আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। জীবনের বাকি সময়টুকু নিজের এলাকার মানুষের পাশে থেকে, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।” তাঁর প্রার্থিতা ঘোষণার পর বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারাও তাঁকে দেশে ফিরে চেয়ারম্যান পদে নির্বাচন করার আহ্বান জানিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com